ঠাকুরগাঁও, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয় সদরে সৎ ছেলেকে নির্যাতনের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা শহরের সেনুয়া ব্রিজ এলাকায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
গরম খুনতির ছ্যাঁকায় অসুস্থ ফয়সালকে (১১) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জেলা প্রশাসনের গাড়িচালক লুৎফর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বলেন, লুৎফর রহমান দ্বিতীয় স্ত্রী ডালিয়া ও প্রথম স্ত্রীর চার সন্তান নিয়ে শহরের সেনুয়া ব্রিজ এলাকায় নিজ বাড়িতে থাকেন। কয়েকদিন আগে বাড়ি থেকে ডালিয়ার একটি মোবাইল ফোন চুরি হলে ফয়সালকে সন্দেহ করেন তিনি।
এর জেরে বৃহস্পতিবার বিকালে ফয়সালের হাত-পা বেঁধে গরম খুনতি দিয়ে মুখ, পিঠ ও হাতে ছ্যাঁকা দেন তিনি।
ফয়সালের চিৎকারে পাড়ার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ডালিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের বড় ভাই আল-আমিন ডালিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
চিকিৎসাধীন ফয়সাল সাংবাদিকদের জানায়, তাদের মাকে দুই বছর আগে তালাক দিয়ে ডালিয়াকে বিয়ে করেন লুৎফর রহমান। তাদের চার ভাইবোনকে প্রায়ই মারধর করেন সৎ মা ডালিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24