সিলেট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি হত্যামামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জামুরা গ্রামের হাসন মিয়া, নাজিম উদ্দিন, আক্তার হোসেন, বাদশা মিয়া, ইসলামপুরের মো. জাবেদ, রহমতপুরের মালেক ও কালাম উদ্দিন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার রহমতপুর গ্রামের নূর মিয়াকে হত্যার অপরাধে দণ্ডিত এই সাতজনই কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও স্পেশাল পিপি কিশোর কুমার কর জানান, ২০০৮ সালের ৩ অক্টোবর রাতে ছাতক উপজেলার রহমতপুরের গোলাম মিয়ার ছেলে নূর মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে জামুরা গ্রামের বাদশা মিয়া ও তার লোকজন অপহরণ করেন।
পরে তাকে খুন করে লাশ পিয়াইন নদীতে ফেলে দেয় তারা।
এ ঘটনায় গোলাম মিয়া ছাতক থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন।
আদালত ওই মামলায় অভিযুক্ত সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে আরো দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বিজয় কৃষ্ণ দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২২০৩ ঘ.
bdnews24