চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় সাক্ষ্য দিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের চট্টগ্রামের জেনারেল স্টাফ অবসরপ্রাপ্ত কর্নেল এস এম রেজাউর রহমান।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে অষ্টম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেন।
সাক্ষ্য শেষে এ মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ রেজাউর রহমানকে অল্প কিছুক্ষণ জেরার পর আগামী ৭ মে পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক।
ওইদিন অসমাপ্ত জেরা শেষ করা হবে।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএলের সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
সাক্ষ্যে রেজাউর বলেন, “প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর প্রভাবে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সম্পৃক্ততার বিষয়টি যে সরকারি তদন্ত কমিটিতে যথাযথভাবে আসেনি তা আমি কয়েকটি পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি।”
তবে কত তারিখের পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন পড়েছেন তা আদালতে জানাতে পারেননি তিনি।
অস্ত্র আটক ও চোরাচালানের ঘটনায় সে সময় গঠিত তদন্ত কমিটিতে ডিজিএফআইয়ের প্রতিনিধি ছিলেন সংস্থাটির তৎকালীন পরিচালক (সিআইবি) ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী।
পরে তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন এবং এনএসাইয়ের প্রধান হিসেবে দায়িত্বও পালন করেন।
রেজাউর বলেন, “ঘটনার দুই-তিন দিন পর ঢাকা থেকে জাতীয় পর্যায়ের (সরকারি) তদন্ত কমিটি চট্টগ্রামে আসে। তদন্ত দলের সদস্য ছিলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী। ঘটনার বিষয়ে ডিজিএফআইয়ের পক্ষ থেকে আর কিছু করার আছে কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, ডোন্ট ওরি। ডিজিএফআইয়ের পক্ষ থেকে কিছু করার নেই।”
অস্ত্র চোরাচালানের সঙ্গে এনএসআইয়ের কিছু সদস্য জড়িত থাকার সম্ভানার কথাও ডিজিএফআই প্রধানকে জানিয়েছিলেন বলে সাক্ষ্যে দাবি করেন রেজাউর।
এদিকে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার দশ আসামিকে আদালতে হাজির করা হয়। তবে অসুস্থ থাকায় সিইউএফএলের সাবেক জিএম (প্রশাসন) এনামুল হককে আদালতে আনা হয়নি।
আদালতে হাজির করা অন্যরা হলেন- সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক দুই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মোহসিন উদ্দিন তালুকদার, দুই চোরাচালানি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৪৮ ঘ.
bdnews24