ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে ব্যবসায়ী এম এ মুবিন খানের স্ত্রী ফাহিমা সুলতানা হত্যার ঘটনায় গাড়ি চালক মিন্টুকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে কামরাঙ্গীরচর এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে কিছু সোনার গহনাও পাওয়া যায়।
মঙ্গলবার দুপুরে গুলশানে নিজেদের বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয় ফাহিমাকে। ওই ঘটনায় আহত হন গৃহপরিচারিকা বীনা। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় মঙ্গলবার রাতে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন মুবিন খান, যাতে প্রায় দেড়শ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ আনা হয়।
এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিন্টুর কাছে কিছু অলঙ্কার পাওয়া গেছে। বাকি গহনা উদ্ধারের চেষ্টা চলছে।”
এম এ মুবিন খান ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক। নিহত ফাহিমা ওই প্রতিষ্ঠানের একজন পরিচালক ছিলেন।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিজামুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বীনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ও পুলিশকে বলেছেন, ওই পরিবারের গাড়ি চালক মিন্টুই হামলা চালিয়ে ফাহিমাকে হত্যা করেন। সে সময়ই আহত হন বীনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকম/এলএইচ/জেকে/১৬২৫ ঘ.
bdnews24