ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশ ব্যর্থতা স্বীকার করার পর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাবে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রবিউল আলম বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হন।
শুনানির এক পর্যায়ে আদালত মনিরুলকে জিজ্ঞেস করেন, “এ মামলার তদন্তে আপনারা ব্যর্থ?”
জবাবে মনিরুল বলেন, “আমরা আজ পর্যন্ত ব্যর্থ।”
আদালত বলে, কাঙ্খিত ফল অর্জনে গোয়েন্দা পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় তারা স্বীকার করেছে। এটা হতাশাজনক এবং নৈরাশ্যকর।
এরপর আদালত আদেশে বলে, “তদন্তকারী কর্মকর্তা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা সাংবাদিক ও আইনজীবীদের শুনানি শুনেছি। র্যাবের একজন অভিজ্ঞ কর্মকর্তা দ্বারা এই তদন্ত হওয়া উচিত। এ কারণে আমরা মামলাটির তদন্ত গোয়েন্দা পুলিশ থেকে স্থানান্তর করে র্যাবে পাঠিয়ে দিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দিচ্ছি।”
র্যাবের প্রধানকে দেওয়া নির্দেশনায় বলা হয়, সহকারী পুলিশ সুপারের (এএসপি) নীচে নয়, ৪৫ বছরের কম নয়, এমন একজন কর্মকর্তাকে তদন্তকারী হিসাবে নিয়োগ দিতে হবে।
এছাড়া এ মামলার তদন্ত সঠিকভাবে চলছে কি-না, তা পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করতে স্বরাষ্ট সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই কমিটির প্রধান উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদ মর্যাদার নীচে হবেন না। কমিটিতে র্যাব, পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা থাকবেন। এ কমিটি প্রয়োজন অনুযায়ী জ্যেষ্ঠ সাংবাদিক, অপরাধ বিশেষজ্ঞ, অপরাধ আইন বিশেষজ্ঞ, এনজিওসহ দেশি-বিদেশি কোন সংস্থার কাছ থেকে পরামর্শ নিতে পারবে। তবে এই কমিটি তদন্তে কোন হস্তক্ষেপ করতে পারবে না।
দ্রুত সময়ের মধ্যে র্যাবকে এ তদন্তের কাজ শেষ করার নির্দেশ দিয়ে আদালত বলেছে, এই কাজে তারা (র্যাব) তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। অপরাধীদের চিহ্নিত করতে এ তদন্তে তাদের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করতে হবে।
সাগর-রুনি খুন হওয়ার পর আলামত সংরক্ষণে শেরেবাংলা নগর থানার ওসিসহ পুলিশের গাফিলতি ছিলো কি-না, তা খতিয়ে দেখতে আরো একটি কমিটি গঠন করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই কমিটির প্রধান যুগ্ম সচিব পদ মর্যাদার নীচে হবেন না। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে।
শুনানির পর আদালত উপ-কমিশনার মনিরুল ইসলামকে বলেন, “আমাদের এ আদেশ নামতে (আদেশের লিখিত অনুলিপি) কয়েকদিন লাগবে। আমরা আদেশ দিয়েছি। আপনি পুলিশের মহাপরিদর্শককে বলে দেবেন আজই যেন মামলাটি স্থানান্তর করে দেওয়া হয়।”
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, আদালতের এ আদেশের প্রয়োগ তাৎক্ষণিক। বুধবার দুপুর ২টা থেকেই মামলাটির তদন্ত র্যাবে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করতে হবে।
গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়েছে, এতোদিন যার তদন্ত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ পর্যন্ত কাউকে এ মামলায় গ্রেপ্তার করা হয়নি।
তবে খুনিরা গ্রেপ্তার না হওয়ায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভেকেট মনজিল মোরসেদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি হাই কোর্ট বেঞ্চ একটি রুল জারি করে।
সে অনুযায়ী গত ২১ মার্চ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এবং ২২ মার্চ পুলিশ মহাপরিদর্শক পক্ষ থেকে তদন্তের অগ্রগতি জানিয়ে দুটি ‘অগ্রগতি প্রতিবেদন’ জমা দেওয়া হয়।
মঙ্গলবার ওই অগ্রগতি প্রতিবেদন পড়ে আদালত অসন্তোষ প্রকাশ করে পুলিশের দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেয়।
শুনানির শুরুতেই মো. রবিউল আলম এবং পরে মনিরুল ইসলাম বক্তব্য দেন। দুপুর দেড়টা পর্যন্ত শুনানিতে অংশ নেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
আদালতে নিজ উদ্যোগে বক্তব্য দেন অ্যাডভোকেট মো. আজহার উল্লাহ ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শাহজাহান। এছাড়া আদালত আরো পাঁচ আইনজীবীর বক্তব্যসহ আদালতে দায়িত্বরত গণমাধ্যমের পাঁচ কর্মীর বক্তব্য শোনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬০১ ঘ.
bdnews24