২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন: আপিলের কথা ভাবছে ইসি

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করার কথা ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করার কথা ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আদালতের আদেশ মান্য করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। তবে সব কিছুর পাশাপাশি রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়টিও চিন্তায় রয়েছে আমাদের।” সোমবার এক আদেশে ডিসিসির দুই ভাগে নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। যথাসম্ভব দ্রুত ডিসিসির ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা হালনাগাদ করে দ্রুত নির্বাচন করতেও বলেন তারা। নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, “আদালতের নির্দেশনা মেনেই ডিসিসি নির্বাচনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আদালতের আদেশের কপি হাতে পেলে কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।” আদালতের আদেশ অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করেই নির্বাচন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে হালনাগাদ করে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব্য কি না- সে বিষয়ে সংশয় প্রকাশ করে শাহনেওয়াজ বলেন, “এটা জটিল কাজ, সময় তো লাগবেই।” কার্যক্রম বন্ধে গণবিজ্ঞপ্তি আদালতের রায়ের পর মঙ্গলবার ডিসিসি নির্বাচনের সব কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রেখে গণবিজ্ঞপ্তি জারি করেছের ডিসিসির দুই রিটার্নিং কর্মকর্তা। ডিসিসি উত্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত পেয়েই নির্বাচনী কার্যক্রম স্থগিতের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান জানান, তিন মাসের জন্য নির্বাচনী কার্যক্রম স্থগিত করে বিকালে তারা এই গণবিজ্ঞপ্তি জারি করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০০৩ ঘ.