মুন্সীগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হোসেন্দী গ্রামে রোববার রাতে এ হামলা হয়। মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে ফারুক মিয়ার (২৭) মৃত্যু হয়। ফারুক হোসেন্দী গ্রামের বাতেন মিয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশ মাহবুবুর রহমান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার জমি বিক্রি করা নিয়ে স্থানীয় জাহাঙ্গীরের সঙ্গে মমিনুল হক টিটুর বিরোধ দেখা দেয়। রোববার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অতর্কিত হামলা চালায় টিটুর লোকজন।
“ধারালো অস্ত্রের আঘাতে ফারুকের মাথায় জখম হয়। আহত হয় তার ভাই শহীদ মিয়াও,” বলেন ওসি।
তবে শহীদ মিয়া বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে নিহতের ভগ্নিপতি তাজুল ইসলাম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় মমিনুল হক টিটুকে প্রধান আসামি করা হয়েছে। টিটু উপজেলা চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মিঠুর বড় ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24