২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে পিলখানা মামলার আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে পিলখানা বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

গাজীপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুর কারাগারে পিলখানা বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আবুল কালাম আজাদ নামের এই হাবিলদার শনিবার ভোরে মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রুটি গ্রামের আজগর আলীর ছেলে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের সময় আবুল কালাম পিলখানার সদর ব্যাটলিয়নে ছিলেন। বিদ্রোহের ঘটনার পর এই বাহিনীর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি করা হয়। কাশিমপুর কারাগারের উপ-কারারক্ষক মো. মুশফিকুর রহমান জানান, আবুল কালাম শুক্রবার রাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিলখানায় বিদ্রোহের ঘটনার পর অন্য অনেকের সঙ্গে আবুল কালামকেও গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত বছর তাকে সেখান থেকে নেওয়া হয় কাশিমপুর কারাগারে। এই কারাগারে এর আগেও বেশ কয়েকজন বিজিবি সদস্য মারা গেছেন। ২০০৯ সালের ওই বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক ও ৫৬ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৪১২ ঘ.