ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ভাষানটেক নামে নতুন একটি থানার শুক্রবার থেকে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা মহানগরীতে মোট থানা হয়েছে ৪৫টি।
শুক্রবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক বি.আর.পি প্রকল্প এলাকার একটি ভবনে এই থানার উদ্বোধন করেন।
প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ভাষানটেক থানার আওতায় প্রায় সাড়ে তিন লাখ অধিবাসী রয়েছে। থানাটির উত্তরে মাটিকাটা, আর দক্ষিণে মহাখালী নিউ ডি.ও.এইচ.এস, পূর্ব দিকে রয়েছে বনানী রেল লাইন ও পশ্চিমে মিরপুর ১৩ ও ১১।
সাহারা খাতুন বলেন, সাধারণ মানুষকে আরো সহজে নিরাপত্তা সেবা দেওয়ার উদ্দেশ্য নতুন থানা গঠন করা হয়েছে। এতে মানুষ উপকার পায়।
এ সময় পুলিশকে জনগণের বন্ধু হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (সদর) হাবিবুর রহমান জানান, খুব শিগগিরই রাজধানীতে রূপনগর, শাহজাহানপুর, মুগদা ও উত্তরা পশ্চিম নামের চারটি থানার উদ্বোধন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২০৪৬ ঘ.
bdnews24