২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাড়িত আইয়ো বৈশাখ’

পুরনো বছরকে বিদায় জানিয়ে বাংলা পঞ্জিকার নতুন বছরকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 05:43 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো বছরকে বিদায় জানিয়ে বাংলা পঞ্জিকার নতুন বছরকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীতে কয়েকদিনের টানা বৃষ্টির পর মনের কোণে খানিকটা শঙ্কার মেঘ থাকলেও বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপনে প্রস্তুতির কমতি নেই। শুক্র ও শনিবার নগরীর ডিসি হিল, সিআরবি মোড়ের শিরিষতলা, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় মাঠে হবে বর্ষবিদায় ও বরণের মূল অনুষ্ঠানগুলো। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি কলেজেও রয়েছে ব্যাপক আয়োজন। প্রতিবারের মতো এবারো নগরীর ডিসি হিলে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, দীর্ঘ দিন ধরে হয়ে আসছে বলে ডিসি হিলের অনুষ্ঠানই চট্টগ্রামে বর্ষবরণের মূল অনুষ্ঠান হিসেবে বিবেচিত। শুক্রবার বিকালে বর্ষবিদায়ের মধ্য দিয়ে ডিসি হিলে শুরু হবে দুই দিনের অনুষ্ঠান। পরদিন বৈশাখের প্রথম সকালে নতুন বছরকে আবাহনের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান, চলবে রাত পর্যন্ত। এ অনুষ্ঠানে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন সংগঠন ও শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করবেন। বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পবিষদ বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ ও বিদায়ে আয়োজন করেছে দুইদিনের অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা ৬টায় পুরনো বছরকে বিদায় জানানোর মধ্য দিয়ে এর শুরু হবে। অনুষ্ঠানে থাকবে পঞ্চকবির গান, হারানো দিনের গান, যুগলবন্দী, ধ্রুপদ নৃত্য ও লালনগীতি। পহেলা বৈশাখ সকাল সাড়ে ৬টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে। প্রথম পর্বে থাকবে প্রভাতী অনুষ্ঠান, দলীয় পরিবেশনা, একক গান, পাঠ ও আবৃত্তি। সান্ধ্য অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্যনাট্য এবং বাউলসংগীত। বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পবিষদের আয়োজক অনুপ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা নববর্ষ মানে বাঙালির মহা আনন্দের, মহামিলনের দিন। এই দিনে আমরা সবাই মিলেমিশে আনন্দ করি।” এবার নববর্ষের তাৎপর্য ‘একটু বেশি’ উল্লেখ করে তিনি বলেন, “এ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবাষির্কীর বছর। তাই বাঙালির জীবনে এবারের নববর্ষ একটু বেশি তাৎপর্যমণ্ডিত। নববর্ষের অনুষ্ঠানের প্রস্ততি শেষ জানিয়ে তিনি বলেন, “গত কয়েকদিন বৃষ্টি ছিল। এ কারণে আমরা কিছুটা চিন্তিত। তবে পহেলা বৈশাখে ভাল আবহাওয়া থাকবে বলে আশা করি।” এদিক নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে শিরিষতলায় হবে নববর্ষ উদযাপন পরিষদের দুই দিনের অনুষ্ঠান। মাত্র তিন বছর ধরে এ অনুষ্ঠান শুরু হলেও রেলওয়ের টিলার ওপর মনোরম পরিবেশের কারণে সাধারণ মানুষের নজড় কেড়েছে এ অনুষ্ঠান। আয়োজকদের পক্ষে কবি কামরুর হাসান বাদল জানান, এবার বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠানে চট্টগ্রামের স্থানীয় শিল্পী ও সংগঠনগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এদিকে নতুন বছর বরণ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থী-শিক্ষকদের আড্ডা ছাড়াও মেলার আয়োজন থাকছে। চট্টগ্রাম সরকারি কলেজেও নেওয়া হয়েছে বর্ষবরণের দিনব্যাপী অনুষ্ঠানমালা। নগরীর চারুকলা ইন্সটিটিউট থেকে শনিবার বছরের শুরুর দিন সকালে বের হবে মঙ্গল শোভাযাত্রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৩৯ ঘ.