চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে রেলওয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল থেকে নগরীর পাহাড়তলীর রেলওয়ে ওয়ার্কশপ, ডিজেল কারখানা এলাকা এবং সিআরবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তরে বিক্ষোভ সমাবেশ করে তারা।
রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ নেতা এস কে বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিএম মৃধার কারণে রেলওয়ের সম্মান ক্ষুণœ হয়েছে। আমরা এ মুহূর্তে তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এছাড়া রেলওয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় লোকবল নিয়োগ, দুর্নীতি বন্ধ এবং ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিও জানায় শ্রমিক সংগঠনটি।
রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এসকে বারী বলেন, “বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় জড়িত থাকায় ইউসুফ আলী মৃধার অপসারণ ও শাস্তির দাবি জানানো হয়।”
গত সোমবার রাতে রেলমন্ত্রীর সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুককে বহনকারী গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। ওই গাড়িতে ছিলেন ইউসুফ আলী মৃধাও।
সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল।
ইউসুফ আলী নিজেও রেলওয়ে পূর্বাঞ্চলে বিভিন্ন পর্যায়ে ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১৫২৪ ঘ.
bdnews24