ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম শেষে তার সামনে ‘বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠন এবং ফোর্সেস গোল-২০৩০-এর ওপর ব্রিফিং হয়।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান ও প্রতিরক্ষা সচিবসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এএল/২০৪৪ ঘ.
bdnews24