ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে স্ত্রীর গাড়ি আটক রাখার ঘটনার পর স্বপ্রণোদিত এক আদেশে উচ্চ আদালতের একজন বিচারপতি আদালত অবমাননার রুল জারি করে পুলিশের পাঁচ কর্মকর্তাকে তলব করেছেন।
রোববার বিচারপতি এস এম এমদাদুল হকের একক বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পূর্ব জোনের ডিসি (ট্রাফিক) মো. ইকবাল হোসেন, এডিসি (ট্রাফিক) মো. মঈনুল হোসেন, এসি (ট্রাফিক) মুক্তা ধর, পরিদর্শক (ট্রাফিক) আকতার হোসেন ও সার্জেন্ট নাইমকে আদালতে তলব করেন।
আগামী ১৫ এপ্রিল আদালতে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে এই পুলিশ কর্মকর্তাদের।
গত ৫ এপ্রিল সকালে বিচারপতি এস এম এমদাদুল হকের স্ত্রী স্বামীর সরকারি গাড়ীতে ছেলে-মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার পথে গাড়িটি রামপুরা ব্রীজ এলাকায় পৌঁছলে আইন না মানার অভিযোগ এনে ট্রাফিক সার্জেন্ট নাঈম সেটি আটক করেন।
হাইকোর্টের বিচারপতির স্ত্রী পরিচয় দেওয়ার পরও দেড়ঘণ্টা গাড়িটি আটকে রাখা হয়।
বিচারপতির গানম্যান তৌহিদ ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও গাড়িটি ছাড়াতে ব্যর্থ হন।
দেড় ঘণ্টা পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি হাবিবুর রহমান এ ব্যাপারে হস্তক্ষেপ করার পর সকাল সাড়ে ১০টায় গাড়িটি ছাড়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জিএনএ/২৩৫০ ঘ.
bdnews24