২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য খাতে পরীক্ষামূলক ‘ক্ষুদ্র বীমা’

দারিদ্র্য ও অসুস্থতার দুষ্টচক্র ভেদ করে দেশের দরিদ্র মানুষের স্বাস্থ্যরক্ষায় ‘বিকল্প’ অর্থায়ন হিসেবে একটি ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য ও অসুস্থতার দুষ্টচক্র ভেদ করে দেশের দরিদ্র মানুষের স্বাস্থ্যরক্ষায় ‘বিকল্প’ অর্থায়ন হিসেবে একটি ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা চালু করেছে। ইন্সটিটিউট অব মাইক্রোফাইন্যান্স (আইএনএম) নামের এ প্রতিষ্ঠানের তিন বছরব্যাপী পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, “নিজ পকেট থেকে স্বাস্থ্যসেবায় ব্যয় করার কারণে দেশে প্রতিবছর শতকরা ৩ ভাগ হারে দারিদ্র্য বাড়ছে।” স্বাস্থ্যসেবার জন্য এই ব্যয়ের প্রায় সবটাই ‘ভুল’ পথে খরচ হয় বলেও গবেষণায় দাবি করা হয়। আইএনএম’র ক্ষুদ্র বীমা গবেষণা ইউনিটের প্রধান অধ্যাপক সৈয়দ এম আহসান বলেন, “বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক চিকিৎসাসেবা পেতে ব্যর্থ হলেও রোগীদের একটা বিরাট অংশ প্রথমেই ফার্মেসি ও হাতুড়ে চিকিৎসকদের মতো অনানুষ্ঠানিক সেবাদাতাদের কাছে ছুটে যায় এবং বড় অংকের অর্থ খরচ করে।” তিনি বলেন, “আমরা উদ্ভাবনীমূলক একটা উপায় বের করার চেষ্টা করছি যাতে দরিদ্র মানুষদের সম্পদগুলো জড়ো করে দুর্দশাগ্রস্ত ওইসব মানুষকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় একটি বীমা তহবিল গঠন করা যায়।” শনিবার রাজধানীতে একটি সেমিনারে ক্ষুদ্র স্বাস্থ্য বীমার এই মডেল উপস্থাপন করেন অধ্যাপক আহসান। দুই বছরের এ পরীক্ষামূলক প্রকল্পের মধ্যে ময়মনসিংহের চুরখাইয়ের তিনটি নির্দিষ্ট সংগঠনের ক্ষুদ্র ঋণের কার্ডধারী তিন হাজার সদস্য অন্তর্ভুক্ত থাকবে। অধ্যাপক আহসান জানান, তারা ‘সুস্বাস্থ্য’ ও ‘সুরক্ষা’ নামে দুটি প্যাকেজের পরিকল্পনা করেছেন। ‘সুস্বাস্থ্যের’ অধীনে অনাবাসিক রোগীরা প্রত্যেকে প্রতিবছর দুশ ৪০ টাকার বিনিময়ে বহির্বিভাগসহ পূর্ণ মাতৃত্বকালীন ও নবজাতক সেবা নিতে পারবে। ‘সুরক্ষার’ অধীনে তিনশ ৮৪ টাকার বিনিময়ে বহির্বিভাগের সেবার পাশাপাশি হাসপাতালে ভর্তির সুবিধাও পাওয়া যাবে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই ক্ষুদ্র স্বাস্থ্য ইন্স্যুরেন্স প্রকল্পের ঝুঁকি বহন করবে। কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আহসান বলেন তারা বাংলাদেশে আরো মডেল পরীক্ষামূলকভাবে চালু করবেন। আইএনএম-এর গবেষণা অনুযায়ী, ১৯৯৭ ও ২০০৭ সালের মধ্যে বাংলাদেশে মাথাপিছু সার্বিক স্বাস্থ্য ব্যয় নয় দশমিক তিন ডলার থেকে বেড়ে ১৫ ডলার হয়েছে যার অনেকটাই ব্যক্তিগত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/পিডি/২২১৪ ঘ.