ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।
এ সময় মুখে কালো কাপড় বেঁধে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনা প্রমাণ করে পুলিশের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই; সরকার হিন্দুদের এদেশের নাগরিক মনে করে না।
গত ২৬ মার্চ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে- এমন অভিযোগ এনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকরা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে লুটপাট চালায় এবং তাদের ওপর নির্যাতন করে।
এর মাসখানেক আগে চট্টগ্রামের নন্দীরহাটেও বেশ কয়েকটি মন্দির ভাঙচুর এবং হিন্দু স¤প্রদায়ের বাড়ি ও দোকান লুটপাট হয়।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রবীর মিত্র বলেন, “চট্টগ্রামে মন্দির ও বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনার জন্য সরকারিভাবে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় এ ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা শত্র“ সম্পত্তির জন্য কান্নাকাটি করছি কিন্তু আপনারা তা দিতে চান না।”
তিনি বলেন, “৪৭ সালের অনুশীলনের কারণে এক সময় এ দেশে ৫৫ ভাগ হিন্দু বাস করলেও বর্তমানে মাত্র ১০ ভাগ রয়েছে। কিছু হলেই আমাদের বলা হয় ভারতে চলে যান। এদেশ আমাদের পূর্বপুরুষদের দেশ, বংশানুক্রমে আমরা এখানে বাস করছি। আমরা আর ভারতে যাবো না।”
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাজোটের উপদেষ্টা জয়ন্ত কুমার সেন, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মুখপাত্র পলাশ কান্তি দে, হিন্দু যুব মহাজোটের সভাপতি বিপুল বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবর্ণা মণ্ডল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৮২৩ ঘ.
bdnews24