আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের দফায়-দফায় বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমে আসায় সারাদেশে কমেছে লোড-শেডিংও।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) তমাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, “বৃষ্টির কারণে তীব্র গরম নেই, এজন্য চাহিদা কমার পাশাপাশি লোড-শেডিংও কমছে।”
আবহাওয়াজনিত কারণে গ্রাহকরা ফ্যান ও শীততাপ যন্ত্র কম ব্যবহার করেছে বলে মন্তব্য করেন তিনি।
তমাল জানান, শনিবার প্রায় পাঁচ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিলো চার হাজার ৫০০ হাজার মেগাওয়াট। সে হিসেবে ৫০০ মেগাওয়াটের মতো ঘাটতি ছিলো যা লোড- শেডিংয়ের মাধ্যমে সমাধান করা হয়েছে।
গত এক মাসের হিসাব অনুযায়ী, রাজধানীসহ সারাদেশে প্রতিদিন গড়ে লোড-শেডিং করা হয় এক থেকে দেড় হাজার মেগাওয়াট।
চৈত্রের খরতাপে রাজধানীসহ সারা দেশে ঘণ্টায় ঘণ্টায় ভয়াবহ লোড-শেডিং চলছিল।
সেচের জন্য গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির কারণে শহরাঞ্চলে লোড-শেডিং বৃদ্ধির কথা বলা হলেও কৃষকদের অভিযোগ, তারা সেচে প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছেন না।
চলতি সেচ মৌসুমের জন্য গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে।
গত কয়েকদিন ধরে তীব্র লোড-শেডিংয়ের কারণে উত্তেজিত হয়ে ভাংচুর, মিছিল-সমাবেশও করে জনগণ।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসেই আরো দুই-এক দফা ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, “শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।”
বৃষ্টি কারণে গরমের তীব্রতা কমে এসেছে মন্তব্য করে তিনি বলেন, “আগামী দুই একদিন এভাবে বৃষ্টি হবে। আর চলতি মাসেই আরো দুই-এক দফায় ঝড়বৃষ্টি হতে পারে।”
বর্তমানে প্রায় একশ বিদ্যুৎকেন্দ্রে আট হাজার ৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে গড়ে পাঁচ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
সরকার ২০১৬ সালের মধ্যে উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেয়। এ পরিকল্পনা অনুযায়ী গত তিন বছরে মোট পাঁচ হাজার ৫৩৩ মেগাওয়াট ক্ষমতার ৫২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২৩০০ঘ.
bdnews24