ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরির নামে সিঙ্গাপুরে নিয়ে যৌনপল্লীতে পাচারের সময় কৌশলে পালিয়ে যাওয়া এক বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠিয়েছেন প্রবাসীরা।
বৃহস্পতিবার সিঙ্গাপুরে শ্রমজীবী প্রবাসীদের সেবাকেন্দ্র ‘দিবাশ্রম’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে দেশে পাঠানো হয় ওই নারীকে।
পাচার হওয়া ২৮ বছর বয়সি ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে গত ১৯ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ওই নারী প্রবাসীদের জানিয়েছেন, তাতে যৌনব্যবসায় নামানোর চেষ্টা চালিয়েছিল প্রতারক খোরশেদ আলম।
নরসিংদীর ওই নারী পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের ছেলেকে দেশে রেখে গিয়েছিলেন। চার বছর আগে এক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর দুই বছর পোশাক কারখানায় কাজ করেছিলেন তিনি।
পরে নিজ উদ্যোগে কাজ শিখে এমব্রয়ডারি মেশিন কিনে সংসার চালাতেন ওই নারী, এর মধ্যেই প্রতারক খোরশেদের খপ্পরে পড়েন তিনি।
দেশে ফেরার পর তাকে বাড়িতে পৌঁছে দেন ‘দিবাশ্রমে’র সহযোগী প্রতিষ্ঠান মিসাফ-বাংলাদেশ (মাইগ্রেন্ট সেঙ্কচুয়্যারি ফাউন্ডেশন) ও বাংলার কণ্ঠের ঢাকা ব্যুরো অফিস। সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিদের পত্রিকা বাংলার কণ্ঠের প্রধান সম্পাদক এ কে এম মোহসীন ওই নারীকে ফেরত পাঠানোয় উদ্যোগ নিয়েছিলেন।
দিবাশ্রম-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের হাসপাতালে কাজ দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে নেন খোরশেদ। তাকে নিজের স্ত্রী সাজিয়ে পাসপোর্ট বানিয়ে টুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে নিয়ে যান খোরশেদ।
ওই নারী জানান, তাকে সেরাঙ্গুনের ডেস্কার রোডে বাংলাদেশি মালিকানাধীন একটি গেস্ট হাউজে ওঠানো হয়। কয়েকদিন সেখানে কয়েকদিন থাকার পর জানানো হয়, গেলাংয়ে তার কাজের ব্যবস্থা হয়েছে।
ওই নারী গেস্টহাউজের বাসিন্দাদের কাছে জানতে পারেন গেলাংয়ে যৌনপল্লী রয়েছে এবং তাকে সেখানে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। তখন তিনি কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে যান।
গত ২৬ মার্চ সেরাঙ্গুন এলাকার একটি রেস্তোরাঁয় কাঁদতে থাকা ওই নারীকে দেখতে পান প্রবাসী এক বাংলাদেশি। তিনি ঘটনা শুনে ওই নারীকে সিঙ্গাপুরে শ্রমজীবী প্রবাসীদের সেবাকেন্দ্র ‘দিবাশ্রম’-এ নিয়ে যান।
নরসিংদীর বাগদি এলাকার খোরশেদ আলমের মতো কয়েকজন ব্যক্তি এর আগেও প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন নারীকে এভাবে পাচার করেছেন বলে প্রবাসীদের অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৮৩২ ঘ.
bdnews24