২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অটিস্টিক শিশুরা আমাদেরই অংশ’

অটিস্টিক শিশুদের অবহেলা না করে তাদের বিকাশে সব দেশকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 05:01 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

নিউ ইয়র্ক, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের অবহেলা না করে তাদের বিকাশে সব দেশকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে আয়োজিত প্যানেল আলোচনায় তিনি বলেন, “ওরা আমাদের সমাজেরই অংশ। তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করলে অটিজমের যন্ত্রণা অনেকটাই লাঘব হতে পারে।” কিছুদিন আগে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা থেকে প্রতিবন্ধীদের বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা হোসেন পুতুলকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয় অটিস্টিক শিশুদের ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়ার জন্যে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কাতারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন। জাতিসংঘ চলতি সাধারণ অধিবেশনের সভাপতি নাসির আব্দুল আজিজ আল নাসির, যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সুসান ই রাইস, কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ মেশাল হামাদ এম জে আলথানি এ সময় বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বের সঞ্চালনায় ছিলেন খ্যাতিমান সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপোর। এ পর্বের আলোচনায় অংশ নেন অটিজম স্পিকসের ড. জেরাল্ডাইন ডউসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. শেখর সাক্সেনা, বাংলাদেশে অটিজম সম্পর্কিত জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সায়মা হোসাইন পুতুল, গ্র্যামী জয়ী কণ্ঠশিল্পী ও গীতিকার টনি ব্র্যক্সটন এবং সমাজকর্মী মাইকেল জন কার্লি। অনুষ্ঠানে পুতুল বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে অটিজমের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে হবে। রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই অটিজম জয় করা সম্ভব। তিনি বাংলাদেশে অটিজম সচেতনতা তৈরিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং গত বছর ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক অটিজম সম্মেলনকে দক্ষিণ এশিয়ার জন্য একটি মাইল ফলক হিসাবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের লাইসেন্সধারী শিশু মনোবিদ পুতুল বলেন, “অটিস্টিক শিশুদের পারিবার ও সমাজ জীবনে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এজন্য পরিবার, বাড়ি ও স্কুলে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।” পাশাপাশি øায়ুরোগ, অটিজম ও শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশ নিয়ে ভ্রান্ত ধারণাগুলো দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি। “আমি মনে করি এ বিষয়ে বাংলাদেশ একটি যুগসন্ধিক্ষণ অতিক্রম করছে। বিশেষ করে আমাদের এই জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং পরিবর্তনের জন্য আমাদের যথোপযুক্ত পরিকল্পনা প্রণয়ন ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে”, বলেন পুতুল। অটিজম সচেতনতা আন্দোলনের অন্যতম পুরোধা বব রাইট ও সুজানে রাইস আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে শেখ হাসিনা ও দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করেন। অটিস্টিক শিশুদের প্রতিভাকে কাজে লাগাতে তাদের সমাজের মূল স্রোতের অংশ করে নেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫০ ঘ.