২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সৌদি তদন্ত দল

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার তদন্তে সৌদি আরবের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার তদন্তে সৌদি আরবের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা পৌঁছেছে। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানান। তিন থেকে চারদিন ঢাকায় অবস্থান করে ঘটনার তদন্ত করবে এই তদন্ত দল। বুধবার তারা বসবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। গত ৫ মার্চ রাতে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন। পরদিন সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের তদন্তে ঢাকার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া না হলেও সৌদি আরব শুরুতেই তদন্তে আগ্রহ প্রকাশ করে। ঘটনার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি আরব সফরে গিয়েও এ বিষয়ে আলোচনা করেন এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। হত্যাকাণ্ডের পর গুলশান থানায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা হয়েছে। ইতোমধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। তবে প্রায় এক মাসেও জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খালাফের ময়নাতদন্তে দেখা গেছে, বুকে একটি গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএসটি/এএল/২০৩২ ঘ.