২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের ভুয়া আদেশ দাখিল করায় কারাগারে

হাই কোর্টের ভুয়া আদেশ ব্যবহার করে বিচারিক আদালতে একটি মামলার বিচার স্থগিত রাখতে গিয়ে ধরা পড়া ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের ভুয়া আদেশ ব্যবহার করে বিচারিক আদালতে একটি মামলার বিচার স্থগিত রাখতে গিয়ে ধরা পড়া ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল আউয়াল সরকার নামে ওই ব্যক্তির জামিন বাতিল করে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর জজ মো. মনির কামাল। আউয়াল চেক প্রতারণার একটি মামলার আসামি। ওই মামলায় হাই কোর্টের জাল আদেশ তিনি দাখিল করেছিলেন বলে বিচারিক আদালত নিশ্চিত হয়েছে। এই বিষয়টি ধরা পড়ার পর বিচারিক আদালত আউয়ালকে কারণ দর্শানোর আদেশ দেয়। সোমবার জবাব দিতে হাজির হলে তার কারাগারে যাওয়ার আদেশ হয়। তবে আউয়াল দাবি করেছেন, তিনি হাই কোর্টের যে আদেশের অনুলিপি বিচারিক আদালতে দাখিল করেছিলেন, তা নাজমুল হক নামে এক আইনজীবী তাকে সরবরাহ করেছেন। নাজমুল হকের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে অভিযোগ করেছেন আউয়াল। এজন্য ওই আইনজীবীকে বার কাউন্সিল কারণ দর্শানোর নোটিসও দিয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। কুমিল্লার মুরাদনগর থানার কোম্পানীগঞ্জের নগরপাড় গ্রামের আউয়াল সরকারের বিরুদ্ধে চেক প্রতারণার মামলাটি হয় ২০০৯ সালে। মামলার বাদি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসার জন্য আউয়াল সরকারকে ৯ লাখ ৪০ হাজার টাকা ধার দিয়েছিলেন তিনি। ওই টাকা ফেরতে আসামি ইসলামী ব্যাংকের একটি চেক দেন। তবে ওই চেক ব্যাংকে তিন বার ফেরত হলে তোফাজ্জল ২০০৯ সালের ২২ জুন ঢাকার হাকিম আদালতে একটি মামলা করেন। মহানগর হাকিম আদালত থেকে মামলাটি চতুর্থ যুগ্ম জজ আদালতে স্থানান্তরিত হওয়ার পর মামলা স্থগিতে হাই কোর্টে আবেদন করেন আউয়াল সরকার। হাই কোর্ট ওই মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছে বলে বিচারিক আদালতে কাগজপত্র দাখিল করেন আউয়াল, যা পরে জাল বলে প্রমাণিত হয়। হাই কোর্টের আদেশের অনুলিপি জাল বলে নিশ্চিত হওয়ার পর আউয়ালকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেয় জজ আদালত। জাল আদেশের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে আউয়াল বলেন, “হাই কোর্টের আইনজীবীর সরবরাহ করা আদেশই আমি আদালতে দাখিল করি। আদেশ জাল করার বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না।” আউয়াল জানান, জাল কাগজের বিষয়টি জেনে গত বছরের ১৯ সেপ্টেম্বর সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কাছে ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নাজমুল হকের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল শো’কজ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২০৮ ঘ.