২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ‘বাধ্য’ হয়ে শুনানি মুলতবি ট্রাইব্যুনালে

আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক আগামী সপ্তাহের আগে উপস্থিত হতে পারবেন না বলে সোমবারও একটি মামলার শুনানি মুলতবি করতে ‘বাধ্য’ হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক আগামী সপ্তাহের আগে উপস্থিত হতে পারবেন না বলে সোমবারও একটি মামলার শুনানি মুলতবি করতে ‘বাধ্য’ হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে তার আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীর অনুপস্থিতির কথা তুলে ধরে মুলতবির আবেদন করেন। আগের দিনও একই কারণ দেখিয়ে জামায়াতের তিন নেতা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের অভিযোগ গঠনের শুনানি মুলতবি চাওয়া হয়েছিল, তাতে মুলতবির আদেশ দিলেও এ নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রথম ট্রাইব্যুনালের প্রধান বিচারক। সোমবার শুনানির শুরুতে আনুষ্ঠানিক অভিযোগ থেকে মুজাহিদকে অব্যাহতির আবেদনের অংশ তুলে ধরেন তার আইনজীবী মুন্সী আহসান কবীর, যে আবেদন তারা করেছিলেন। এরপর মুজাহিদের আরেক আইনজীবী নজরুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি মুলতবির আবেদন করলে এতে প্রথমে সায় দেয়নি ট্রাইব্যুনাল। তখন আইনজীবীরা কিছু শুনানির পর মূল শুনানির জন্য ব্যারিস্টার রাজ্জাকের প্রয়োজনের কথা জানালে আদালত ১১ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করে। তবে একইসঙ্গে হতাশ কণ্ঠে ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক বলেন, “আপনারা দেখুন, এই সপ্তাহের বাকি সময়ের জন্য আমাদের আর কোনো কাজ রইল না।” রোববার দুপুর ১টার দিকে আদালত মুলতবি করতে বাধ্য হয় উল্লেখ করে তিনি বলেন, “আজও আমরা অর্ধেক দিন বাকি থাকতেই মুলতবি করছি।” আইনজীবীর কারণে রোববার শুনানি মুলতবিতে ‘বাধ্য’ হওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন তিনি। সোমবার মুজাহিদের মুলতবির আবেদন না করতে আহসান কবীরকে সতর্কও করেন তিনি। মুজাহিদের আইনজীবী নজরুল বলেন, “আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক যেহেতু উপস্থিত নেই এবং এর আগে যেহেতু তিনি বলেছিলেন যে, এ আবেদনের পক্ষের আইনি দিকগুলো নিয়ে তিনি শুনানি করবেন, সেহেতু আমরা মুলতবি চাই।” এ সময় ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক বলেন, “কোনো মুলতবি হবে না। গতকাল এ বিষয়ে আমি কবীরকে (মুন্সী আহসান কবীর) অনেক কিছু বলেছি।” “এ কথা সত্য যে, আইনি দিকগুলো নিয়ে শুনানি করবেন বলে জানিয়েছিলেন আব্দুর রাজ্জাক। তবে আমরা বলেছি যে, তিনি শুনানি শেষ করতে পারেন। আপনাদের অবশ্যই শুরু করতে হবে।” এরপর আহসান কবীর অভিযোগ থেকে মুজাহিদকে অব্যাহতি দিতে কিছু যুক্তি তুলে ধরেন। তার বক্তব্য শুনে ট্রাইব্যুনাল সদস্য বিচারপতি এ কে এম জহির আহমেদ বলেন, “দেখা যাচ্ছে, আপনি বেশ ভালো শুনানি করছেন। এতো দীর্ঘ সময় ধরে আপনারা শুনানি না করার অবস্থানে এতটা অটল ছিলেন কেন?” অব্যাহতির আবেদনে কবীর বলেন, “আমার মক্কেল (মুজাহিদ) একাত্তরে এমন একটি সংগঠনের নেতৃত্বে ছিলেন, যার সদস্য ছিল মোট ১২৫ জন।” “জামায়াতের ছাত্র শাখা ইসলামী ছাত্র সংঘ প্রকৃতপক্ষে এত ছোট ছিল যে আ স ম আব্দুর রব, বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অথবা রাশেদ খান মেননের মতো ছাত্র নেতারা ছাত্রজীবনে মুজাহিদকে চিনতেনই না,” বলেন তিনি। একাত্তরে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন মুজাহিদ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আল বদর বাহিনীর প্রধান হিসেবে বাঙালিদের হত্যা-নির্যাতনে যুক্ত ছিলেন। মুজাহিদের আইনজীবী দাবি করেন, ১৯৭১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ঢাকা আসেন মুজাহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অল্প কয়েকজন শিক্ষক ছাড়া অন্য কাউকে চিনতেন না। মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ’৭১ সালে দৈনিক সংগ্রামে প্রকাশিত বিভিন্ন বিবৃতি ট্রাইব্যুনালে জানানো হলেও জামায়াত নেতার আইনজীবীদের দাবি, ১৯৭১ সালে সংগ্রাম খুব বেশি সেন্সর করা হত এবং তার মক্কেলের যেসব বিবৃতি প্রকাশিত হত, তা ছিল প্রকৃত বিবৃতির অংশ বিশেষ। “প্রসিকিউশন বলেছে যে, আমার মক্কেল একটি জিপে ঘুরে বেড়াতেন এবং ছয় জন রাজাকার তার নিরাপত্তার দায়িত্বে ছিল। তবে তারা একজন দেহরক্ষীরও নাম বলতে পারেনি এবং জিপের নম্বর উল্লেখ করতে পারেনি,” বলেন কবীর। তিনি দাবি করেন, মুজাহিদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং জামায়াতের নেতা বলেই মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/২১২০ ঘ.