নারায়ণগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যায় তারাবো পৌরসভার মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাসাবো এলাকার আজিম উদ্দিনের ছেলে সালাউদ্দিন প্রতিবেশী ছয় বছরের ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়।
সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সালাউদ্দিন পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে মামলা হয়েছে জানিয়ে সাহিদুর রহমান বলেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৯০৭ ঘ.
bdnews24