চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ।
শনিবার চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তা সম্পর্কে চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে চট্টগ্রামে গ্যাসের চাহিদা দৈনিক ৩৮৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ করা হচ্ছে ২২০ মিলিয়ন ঘনফুট।
“পর্যাপ্ত গ্যাসের অভাবে এই অঞ্চলের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত, সিএনজি ফিলিং স্টেশন, আবাসন, স্টিল ও রি- রোলিং মিলসমূহে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে।”
এর ফলে এসব খাতের উদ্যোক্তারা হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, মূলধনী যন্ত্রপাতি বিনষ্ট, উৎপাদন ও কর্মসংস্থান হ্রাস এবং ব্যাংক ঋণের কারণে হতাশাগ্রস্ত এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরো বলা হয়, “স¤প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৃহৎ ও মাঝারি উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার আহ্বান জানায়।”
চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও দিকনির্দেশনা কামনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৮ ঘ.
bdnews24