২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙ্গলবন্দে স্নানোৎসব শেষ, দুর্ঘটনায় পূণ্যার্থী নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীদের অষ্টমী স্নানোৎসব শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

নারায়ণগঞ্জ/কিশোরগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীদের অষ্টমী স্নানোৎসব শেষ হয়েছে। শুক্রবার সকাল ৮টার পর লগ্ন শুরু হয়ে শনিবার সকাল নয়টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হয়। এদিকে উৎসবে যোগ দিতে আসার পথে কিশোরগঞ্জে বাসের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, স্নানের লগ্ন শেষ হওয়ার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০/১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট হয়েছে। লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুষ্ঠুভাবে অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। এবারের উৎসবে দেশ-বিদেশের তিন লাখের বেশি পূণ্যার্থী অংশ নিয়েছেন। বাংলাদেশ ছাড়াও এখানে এসেছেন ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও তিব্বতের বিপুল সংখ্যক পূণ্যার্থী। উৎসব উপলক্ষে আয়োজিত মেলা আরো ৪/৫ দিন চলবে বলে তিনি জানান। নারায়ণগঞ্জ পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব শেষ হয়েছে। উৎসব এলাকা থেকে পকেটমার সন্দেহে ২১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০ জন মহিলা। যানজট নিরসন এবং গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে শতাধিক ট্রাফিক পুলিশ কাজ করছে বলে তিনি জানান। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, লাঙ্গলবন্দে স্নানে যোগ দিতে আসার পথে বাসের ছাদ থেকে পড়ে হৃদয় দাস (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে কিশোরগঞ্জ শহরের ভোকেশনাল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। শহরের বত্রিশ এলাকার নেপাল দাসের ছেলে। হৃদয়ের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাঙ্গলবন্দ যাওয়ার জন্য বাসের ছাদে বসে হৃদয় হোসেনপুর উপজেলার উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে খিলপাড়া এলাকায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত্যু হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭১১ ঘ.