কুমিল্লা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কুমিল্লায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। দলীয় প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
নিহত খোকন সর্দার কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি ইউনিয়নের শাওয়ালপুরের মৃত হাশেম সরদারের ছেলে। খোকনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
শুক্রবার শাহপুর দরবার শরীফে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় খোকন নিহত হন বলে পুলিশ জানায়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ খন্দকার সাংবাদিকদের জানান, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে চায়ের দোকানের সামনে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা খোকনকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
শাহপুর দরবার শরীফের মুসল্লিরা খোকনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয় বলে স্থানীয়রা জানায়।
অগ্নিকাণ্ডে শাওয়ালপুরের খায়ের, মিরু, সফিক মেম্বার ও আমির হোসেনের বিল্ডিং ও আধাপাকা ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতের পরিবার অভিযোগ করে সফিক মেম্বারের ভাই মিরু ও খায়েরসহ তাদের সমর্থিতরা খোকনকে ছুরিকাঘাত করে।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোকনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সফিক জয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২২১০ ঘ.
bdnews24