২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে রোগীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে এক রোগীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

গোপালগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে এক রোগীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে বৃহস্পতিবার রাতে এ হামলায় আহত লিপটন বিশ্বাসকে (২৮) মুমূর্ষু অবস্থায় খুলনা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক কাজী মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় চর মানিকদহ গ্রামের শামীম শেখের ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনায় পাশের পোদ্দারেরচর গ্রামের মিঠুন বসুকে অভিযুক্ত করে সদর উপজেলার চাপাইল ঘাটে সালিশ বৈঠক বসানো হয়। মিঠুনের পক্ষ নিয়ে চর মানিকদহ গ্রামের আল-আমীন মিয়া, ইমাম, জামালসহ একদল লোক এবং শামীম শেখের পক্ষে লিপটন বিশ্বাস, তার ভাই রানাসহ অন্যরা সালিশ শুরু করেন। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিট শুরু হলে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহত লিপটন ও রানা বিশ্বাসকে রাত ৮টার দিকে গোপালগঞ্জ আড়াই বেড জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা চলা অবস্থায় আল আমীন মিয়া, জামাল মিয়া ও ইমামসহ ২০/২৫ জনের একটি দল সেখানে ঢুকে লিপটন বিশ্বাসকে ছেনি, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আব্দুল মান্নান, নার্স, আয়াসহ অন্যরা ভয়ে পালিয়ে যান। ওসি আরো বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭২৮ ঘ.