২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশনেত্রী পরিষদের অনুষ্ঠানে প্রজন্ম লীগের হামলা

আওয়ামী লীগ সমর্থিত একটি সংগঠনের হামলায় বিএনপি সমর্থিত দেশনেত্রী পরিষদের মানববন্ধন ভণ্ডুল হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত একটি সংগঠনের হামলায় বিএনপি সমর্থিত দেশনেত্রী পরিষদের মানববন্ধন ভণ্ডুল হয়ে গেছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই হামলার ঘটনা ঘটে। পরিষদের অভিযোগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কর্মীরা তাদের দুটি মাইক ও রিকশা ভাঙচুর করেছে। পুলিশের সামনে এ হামলা হলেও তারা এগিয়ে আসেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের মানববন্ধন কর্মসূচি শুরু হয়। একই সময় প্রেস ক্লাবের সড়কের পূর্ব পাশে তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় মিথ্যা অভিযোগপত্র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শুরু করে দেশনেত্রী পরিষদ। তাদের বক্তব্য শুরু হলে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কর্মীরা চড়াও হয়। হামলার পরপরই বঙ্গবন্ধু প্রজন্মলীগের কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সংসদ সদস্য গোলাম মাওলা রনি। দেশনেত্রী পরিষদের সভাপতি শহিদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “ইচ্ছাকৃতভাবে তারা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ওপর হামলা চালিয়েছে। আমাদের ১০/১২ জন কর্মীকে মারধর করেছে। ব্যানারও ছিড়ে ফেলেছে।” অভিযোগের বিষয়ে বঙ্গবন্ধু প্রজন্মলীগের উপদেষ্টা গোলাম মওলা রনি বলেন, “আমরা তাদের কিছুটা দূরে গিয়ে মানববন্ধন করতে অনুরোধ জানিয়ে ছিলাম। কিন্তু তারা তা না করে মাইকে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন। এ নিয়ে সামন্য উত্তেজনা দেখা দেয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৪০৭ ঘ.