গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতম চন্দ্র মজুমদারকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে ডুয়েটের ছাত্রশৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান কমিটির সদস্যসচিব ড. আবুল কাসেম। প্রীতম ডুয়েটের যন্ত্র প্রকৌশল শাখার চতুর্থ বর্ষের ছাত্র।
আবুল কাসেম জানান, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সংস্কার কাজের জন্য স¤প্রতি ৩৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়।
দরপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে ইউনিক ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একজন প্রতিনিধি দরপত্র জমা দিতে এলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতমের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা উপাচার্যের কক্ষের সামনে থেকে ওই দরপত্র ছিনিয়ে নেন। এ সময় তাদের বাধা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী লাঞ্ছিত হন।
ইউনিক ইঞ্জিনিয়ারিং সার্ভিসের স্বত্বাধিকারী এ কে এম ইউনুছ বলেন, তার কোম্পানির একজন প্রতিনিধি দরপত্র জমা দিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার দরপত্র ছিনিয়ে নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি মো. মোখলেসুর রহমান বলেন, ঠিকাদারদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি উপাচার্যকে জানানো হয়।
পরে উপাচার্যের দপ্তরে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ডুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে ছাত্রশৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে প্রীতমকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০৪০ ঘ.
bdnews24