লালমনিরহাট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে লালমনিরহাটে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জড়িত সন্দেহে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রঞ্জিনা বেগম (২৫) নামে ওই গৃহবধূ সদর উপজেলার হারাটি ইউনিয়ানের উকরাবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান, যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার কথা স্বামী হারুন মিয়া পুলিশের কাছে স্বীকার করেছে। ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি স্ত্রীকে গলা টিপে হত্যা করেছেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, প্রায় চার মাস আগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ানের হরিঠাকুর গ্রামের আব্দুস সালামের ছেলে হারুন মিয়ার সঙ্গে রঞ্জিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী হারুন স্ত্রী রঞ্জিনাকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে।
বৃহস্পতিবার সকালে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২৩৯ ঘ.
bdnews24