২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরণ-পোষণ চেয়ে প্রাণ হারালেন বাবা

বয়স্ক মা-বাবার দেখাশোনার জন্য আইন প্রণয়নে হাই কোর্টের রুল জারির এক দিনের মধ্যেই ভরণ-পোষণ চেয়ে প্রাণ হারালেন ষাটোর্ধ্ব হোসেন মোল্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

মাগুরা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স্ক মা-বাবার দেখাশোনার জন্য আইন প্রণয়নে হাই কোর্টের রুল জারির এক দিনের মধ্যেই ভরণ-পোষণ চেয়ে প্রাণ হারালেন ষাটোর্ধ্ব হোসেন মোল্যা। ছয় ছেলের মধ্যে নিজের সব জমি বণ্টন করে ভরণ-পোষণ চাওয়ায় ছেলের হাতেই প্রাণ দিতে হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার বরইচারা গ্রামে। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, “ছেলের লাঠির আঘাতে মাথা ফেটে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।” হোসেন মোল্যার মেয়ে আয়শা বেগম সাংবাদিকদের জানান, সম্প্রতি তার বাবা নিজের সব জমি ছয় ছেলের মধ্যে মৌখিকভাবে ভাগ করে দেন। জমি বণ্টনের সময় শর্ত ছিলো- ছেলেরা ভরণ-পোষণের জন্য ওই জমিতে উৎপাদিত ফসলের একটি অংশ বাবা-মাকে দিবে। বুধবার দুপুরে শর্তানুযায়ী হোসেন মোল্যা তার দ্বিতীয় পক্ষের ছেলে শামীম ও কামালের কাছে ভরণ-পোষণ বাবদ এক মণ গম চান। ছেলে শামীম ও কামাল ওই গম দিতে অস্বীকার করলে বাবার সঙ্গে তাদের ঝগড়া বাধে। এক পর্যায়ে শামীম (২২) তার বাবাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এতে হোসেন মোল্যার মাথা ফেটে যায়। পরিবারের অন্য সদস্যরা মাগুরা সদর হাসপাতালে ভর্তি করার পর রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হোসেন মোল্যা মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন। সন্তানরা যাতে বয়স্ক মা-বাবার দেখাশোনা এবং ভরণ-পোষণ দেয়, তা নিশ্চিত করতে আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে বুধবার একটি রুল জারি করে হাই কোর্ট। তিন সপ্তাহের মধ্যে আইন সচিব ও সমাজকল্যাণ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/এএল/১৯০৮ ঘ.