গাইবান্ধা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেছে এলাকাবাসী।
সুন্দরগঞ্জ সেচ মটর মালিক সমিতি ও বামনডাঙ্গা বিদ্যুৎ গ্রাহক সমিতির আহ্বানে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিভিন্ন গন্তব্যের ট্রেন ও মহাসড়ক পথে যানবাহন চলাচল বন্ধ থাকে।
তবে অবরোধ চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সুন্দরগঞ্জ থানার ওসি এস এম ফারুক হোসেন জানান।
অবরোধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে রেল ও সড়কপথে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
বামনডাঙ্গা রেল স্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, অবরোধ চলাকালে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, দিনাজপুর থেকে শান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস এবং শান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে।
এদিকে সুন্দরগঞ্জ-রংপুর ও বামনডাঙ্গা-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে ৩ ঘণ্টা কোন যানবাহন চলাচল করেনি।
অবরোধ চলাকালে বামনডাঙ্গা বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৭২২ ঘ.
bdnews24