২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের নতুন কাঠামোয় বেতন ২০০৯ থেকেই

সরকারি কারখানার শ্রমিকদের মজুরি কাঠামো বাস্তবায়নের তারিখ পুনর্বিবেচনার এই প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার শ্রমিকদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন ধরা হবে ২০০৯ সালের ১ জুলাই থেকে। আর প্রান্তিক সুবিধাগুলো ২০১০ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। সরকারি কারখানার শ্রমিকদের মজুরি কাঠামো বাস্তবায়নের তারিখ পুনর্বিবেচনার এই প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি জানান, এই প্রস্তাব অনুমোদনের আগে নতুন বেতন বাস্তবায়নের তারিখ ছিলো ২০১০ সালের ১ জুলাই। আর প্রন্তিক সুবিধাগুলো গত বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে বলে জানানো হয়েছিল। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন পাওয়ায় সরকারি কারখানার শ্রমিকরা ২০০৯ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন এবং ২০১০ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামোতে প্রান্তিক সুবিধাগুলো পাবেন। বকেয়া বেতন ও প্রান্তিক সুবিধাগুলো চার কিস্তিতে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে সচিব জানান। নতুন কাঠামোতে রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার শ্রমিকদের প্রারম্ভিক সর্বোচ্চ বেতন হবে পাঁচ হাজার ৬০০ টাকা। আর সর্বনিু বেতন হবে চার হাজার ১৫০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫২৬ ঘ.