২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীদের রেল অবরোধ

টিকিট কাটাকে কেন্দ্র করে রেলকর্মীর সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা রেল অবরোধ করে রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

গাজীপুর, মার্চ ২৮ ( বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিট কাটাকে কেন্দ্র করে রেলকর্মীর সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা রেল অবরোধ করে রাখেন। বুধবার বেলা পৌনে ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা সদর উপজেলার ভুরুলিয়া ব্রিজের কাছে রেল লাইন ক্রসিং পয়েন্টে ঢাকা-শিমুলতালী সড়কের ওপর শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সেখানে আটকা পড়ে। এছাড়াও ঢাকা-শিমুলতালী সড়কের সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে যায়। অবরোধকারী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাতে টাঙ্গাইল থেকে ট্রেনে জয়দেবপুর আসার সময় রোমেল নামে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র তাড়াহুড়োর কারণে টিকিট না কেটে ট্রেনে উঠেন। পরে চেকিংয়ের সময় টিকিট চেকার তার কাছ থেকে টিকেটের সমপরিমাণ টাকা নিলেও কোন টিকিট বা রশিদ দেয়নি। পরে রোমেল স্টেশনে নামলে স্টেশনের অপর চেকার তার কাছে আবারো টিকিট চায়। এ সময় টাকা দেওয়ার কথা জানালেও নিরাপত্তাকর্মী ও টিকিটচেকার রোমেলকে লাঞ্ছিত করে এবং মানিব্যাগ ও মোবাইল রেখে দেয়। জয়দেবপুর থানার ওসি কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর ২টা ২০ মিনিটে ট্রেন ও যান চলাচল শুরু হয়। জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন সর্দার বলেন, “মঙ্গলবার রাতে ডুয়েটের এক ছাত্র টিকিট দেখাতে ব্যর্থ হলে চেকারদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তবে মানিব্যাগ-মোবাইল নিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮১০ ঘ.