২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সমাবর্তন যাদের জন্য উপহার, লুটেও তারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের গাউন, হ্যাট ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণের সময় চরম বিশৃঙ্খলা ঘটিয়েছেন অংশগ্রহণে আগ্রহী স্নাতকরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের গাউন, হ্যাট ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণের সময় চরম বিশৃঙ্খলা ঘটিয়েছেন অংশগ্রহণে আগ্রহী স্নাতকরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশৃঙ্খলার এক পর্যায়ে অপেক্ষমান স্নাতকরা লাইন ভেঙে উপহার সামগ্রী ‘লুট’ শুরু করলে কর্তৃপক্ষ উপহার বিতরণ বন্ধ করে দিতে বাধ্য হয়। পরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঘোষণা দেন, সমাবর্তনের পরে গাউন জমা দিয়ে উপহার নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অধিভুক্ত ইনিস্টিটিউটের শিক্ষার্থীরাসহ মোট ১৭ হাজার ৭৩৫ জন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে অংশ নেবেন। মূল অনুষ্ঠান সামনে রেখে বুধবার সকাল ১০টা থেকে সমাবর্তনের গাউন, হ্যাট ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ৭টার মধ্যে কয়েক হাজার স্নাতক টিএসসির সামনে লাইনে দাঁড়িয়ে যান। মাঠের কাউন্টার থেকে গাউন সংগ্রহের পর ইনডোর গেমস রুম থেকে উপহার সংগ্রহের ব্যবস্থা করা হলেও বিতরণে ধীর গতি ও বিশৃঙ্খলার কারণে বেলা সাড়ে ১২টার দিকে অসহিষ্ণু হয়ে ওঠে শিক্ষার্থীরা। এক পর্যায়ে কয়েকজন লাইন ভেঙে বেরিয়ে এসে বিতরণের জন্য রাখা ব্যাগ, মগসহ অন্যান্য উপহার সামগ্রী লুট শুরু করে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও উপাচার্য বেলা দেড়টার দিকে টিএসসিতে আসেন। এ সময় করিডোরে থাকা আন্তত ১৫ জনের কাছ থেকে বাড়তি উপহার সামগ্রী খুঁজে পান তারা। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় দোষী স্নাতকদের কড়া ভাষায় তিরস্কার করেন। তিনি বলেন, “আমরা তোমাদের এই শিক্ষা দিয়েছি?” এরপর উপহার সামগ্রী বিতরণ বন্ধ করে দিয়ে উপাচার্য বলেন, সমাবর্তনের পরে গাউন জমা দিয়ে উপহার সামগ্রী সংগ্রহ করা যাবে। টিএসসির পরিচালক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাউন বিতরণের জন্য টিএসসির ভেতরে ৭২টি কাউন্টার থাকলেও, উপহার সামগ্রী বিতরণের জন্য গেমস রুমে কাউন্টার ছিলো মাত্র ছয়টি। ফলে সেখানে শিক্ষার্থীদের চাপ বেড়ে গিয়েছিল। রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বলেন, “শিক্ষার্থীরা অসহিষ্ণু হয়ে এ ঘটনা ঘটিয়েছে।” তিনি জানান, বুধবার রাতে এ বিষয়ে বৈঠকে বসবে কর্তৃপক্ষ। উপহার সামগ্রী বিতরণ নিয়ে তখনই সিদ্ধান্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৫০ ঘ.