২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের ব্যবধানে সাভারে ডাকাতি

সাভারের বাগ্নিবাড়ী এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত সদস্যরা প্রায় ৩০ লাখ টাকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

সাভার, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বাগ্নিবাড়ী এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত সদস্যরা প্রায় ৩০ লাখ টাকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, রাত ২টার দিকে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমের বাড়িতে ডাকাত সদস্যরা হানা দিয়ে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ডাকাত দলে ১৫/২০ জন ডাকাত সদস্য ছিলো। তারা দোতলা বাড়ির নিচতলার কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে ছেলে শাখাওয়াত হোসেন, ভাতিজা শাকিল ও মেয়ে আমরিনকে মারধর করে। পরে তিনটি আলমিরা ভেঙে ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোন, ৯ লাখ টাকার দুটি চেক, মূল্যবান কাপড়সহ প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল ডাকাত সদস্যরা লুট করে। আব্দুল হালিম জানান, ডাকাতদের সবার হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিলো। কয়েকজনের মুখ গামছা দিয়ে ঢাকা ছিলো, তাই চেনা সম্ভব হয়নি। ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ডাকাতির মামলা নেওয়া হবে। এর আগে গত ২০ মার্চ গভীর রাতে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় ব্যবসায়ী চাঁন মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছিলো। ওই সময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে। তবে এখনও ওই ডাকাতির ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা লুটে নেওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৫৮ ঘ.