২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত শিশুর লাশ মিললো ভাড়াটিয়ার ঘরে

স্কুলের মাঠে খেলতে গিয়ে ‘নিখোঁজ’ হওয়া এক শিশুর লাশ পাওয়া গেছে রাজধানীর দারুস সালাম এলাকায় তাদেরই বাড়ির এক ভাড়াটিয়ার বাসায়। তন্ময় নামের সাত বছর বয়সী এই শিশুর মুক্তির বিনিময়ে আট লাখ টাকা চেয়েছিল অপহরণকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলের মাঠে খেলতে গিয়ে ‘নিখোঁজ’ হওয়া এক শিশুর লাশ পাওয়া গেছে রাজধানীর দারুস সালাম এলাকায় তাদেরই বাড়ির এক ভাড়াটিয়ার বাসায়। তন্ময় নামের সাত বছর বয়সী এই শিশুর মুক্তির বিনিময়ে আট লাখ টাকা চেয়েছিল অপহরণকারীরা। দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার স্বাধীনতা দিবসের দিন দুপুরে দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে অপহৃত হয় তন্ময়। এর এক দিন পর মঙ্গলবার মধ্যরাতে তাদের বাড়ির দ্বিতীয় তলার একটি বাসায় শিশুটির লাশ পাওয়া যায়। তন্ময়ের বাবা হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিকাল সাড়ে ৩টার দিকে এক যুবক তন্ময়ের মায়ের মোবাইলে ফোন করে ৮লাখ টাকা মুক্তিপণ দাবি করে। “আমরা দারুস সালাম থানায় অভিযোগ করার পর পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে নিশ্চিত হয় যে আমার বাড়ি (ভবন) থেকেই মুক্তিপণের দাবিতে ফোন করা হয়েছে”, বলেন তিনি। ওসি আব্দুল মালেক জানান, তন্ময়ের পরিবারের কাছ অভিযোগ পেয়ে মঙ্গলবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের সহায়তায় ও্ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় বাড়ির দোতালায় একটি বাক্সের ভেতরে তন্ময়ের মৃতদেহ পাওয়া যায়। “ওই বাসার ভাড়াটিয়া জহিরুলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে”, বলেন ওসি। ‘তদন্তের স্বার্থে’ গ্রেপ্তারকৃত দ্বিতীয় ব্যক্তির নাম বা তাদের বিস্তারিত পরিচয় জানাতে রাজি হননি মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২২০ ঘ.