জাবি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
‘শিক্ষক সমাজ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধারাবাহিক কর্মসূচির পর মঙ্গলবার থেকে দুই দিনের এ ধর্মঘট শুরু করে। ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবারও অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়নসহ কয়েকটি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক সমাজের শতাধিক শিক্ষক সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ড. আবুল কালাম আজাদ সেখানে উপস্থিত হলে শিক্ষকরা তাদের ঢুকতে বাধা দেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন ব্যক্তিগত কাজের কথা বলে প্রশাসনিক ভবনে প্রবেশ করে ১০ মিনিট পর বের হয়ে যান।
এর আগে শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইনের নেতৃত্বে শিক্ষকরা ভোর ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস থেকে বাস চলাচলও বন্ধ করে দেয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বেলা ২টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।”
‘শিক্ষক সমাজ’র অভিযোগ, উপাচার্য দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী উপাচার্য পদে নির্বাচনও চাচ্ছেন তারা।
অবশ্য উপাচার্য শরীফ এনামুল কবিরের সমর্থক শিক্ষকরা এই কর্মসূচির সঙ্গে একাত্ম নন। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
উদ্ভুত পরিস্থিতি নিরসনে উপাচার্য তার বাসভবনে বেলা ১১টায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা ডাকেন। তবে আন্দোলনরত কার্যনির্বাহী কমিটির ধর্মঘট কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলায় এর সদস্যরা বৈঠকে যোগদানে অপারগতা জানালে পরে দুপুর আড়াইটায় নির্ধারণ করা হয়।
গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে ৩২ জনকে দলীয় বিবেচনায় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে বিভিন্ন দল ও মতের শিক্ষকরা ‘শিক্ষক সমাজ’র ব্যানারে আন্দোলন শুরু করে। তবে শরীফ এনামুল কবির বরাবরই দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
গত ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে ১০ দিনের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানায় শিক্ষক সমাজ। তখন টানা কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার ১০ দিনের কর্মসূচি শেষ হচ্ছে।
উপাচার্যবিরোধী আন্দোলনের সমর্থক এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষকদের আস্থার পরিবেশ নষ্ট করেছেন, দলবাজির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে নিজেই বিপদ ডেকে এনেছেন।”
শিক্ষক সমাজের নেতা নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কঠোর কর্মসূচির মাধ্যমে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করা হবে।”
অন্যদিকে শিক্ষক সমাজের আন্দোলনের সমালোচনা করে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক অসিত বরণ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তি স্বার্থে আন্দোলন করে কোনো কিছু আদায় করা যাবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/আরএ/১৪০৯ ঘ.
bdnews24