নাটোর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে সোমবার রাতে রোগী অপহরণ চেষ্টার অভিযোগে তিনজনকে পিটুনি দিয়েছে এলাকাবাসী।
এরা হলেন আমীর হোসেন (৩৬), তার সহযোগী জাফ্ফার আলী (৩৪) ও ফারুক (৩৭)।
গুরুতর অবস্থায় আমীর ও জাফ্ফারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি (প্রশাসন) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামের আমীর বাহিনীর হামলায় একই গ্রামের কৃষক হাশেম আলী আহত হন। ঘটনার পর থেকে তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে আমীরসহ ১০/১২ জন যুবক হাসপাতাল থেকে হাশেম আলীকে অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় লোকজন এ তিনজনকে ধরে পিটুনি দেয়।
ওসি আরো বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনেরসহ একাধিক মামলা আছে। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কৃষক হাশেম আলী বলেন, “আমীর হোসেনসহ তার লোকজনের নামে করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তা না করায় আমাকে তুলে নিতে হাসপাতালে আসে তারা। আমি বুঝতে পেরে খবরটি মোবাইল ফোনে আমার আতœীয়-স্বজনকে জানাই।”
এদিকে আমীর হোসেন অপহরণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি হাশেম আলীকে দেখতে এবং তার সাথে সমঝোতার জন্য হাসপাতালে এসেছিলাম। কিন্তু তারা আমাদের পিটিয়ে আহত করে।”
হাসপাতালে ডা. ডলি রাণী বলেন, “হাশেম আলীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয়রা কয়েকজন ব্যক্তিকে পিটিয়েছে বলে শুনেছি। তাদের মধ্যে দু’জনের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৮ ঘ.
bdnews24