চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস থেকে উদ্ধার হওয়া একটি অজগর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
আট ফুট লম্বা ও নয় কেজি ওজনের অজগরটি মঙ্গলবার সকালে কাপ্তাই বনবিভাগের সহযোগিতায় কর্ণফুলী নদী সংলগ্ন রামপাহাড়ে অবমুক্ত করা হয়।
রোববার রাতে চুয়েটের এক কর্মকর্তা ছাত্রী হল সংলগ্ন পানির ট্যাংকের পাশ থেকে সাপটিকে উদ্ধার করেন। পরে অজগরটি চুয়েটের পরিবেশবাদী সংগঠন গ্রীণ ফর পিস এর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি ও চুয়েটের পুর কৌশল বিভাগের শিক্ষার্থী আরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের আশপাশের বনজঙ্গল ও পাহাড় থেকে সাপটি ক্যাস্পাসের লোকালয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৮২২ ঘ.
bdnews24