২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক ধর্মঘটে অচল জাহাঙ্গীরনগর

উপাচার্যের পদত্যাগ দাবিতে ‘শিক্ষক সমাজ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধারাবাহিক কর্মসূচির পর দুদিনের ধর্মঘট শুরু করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

জাবি, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ‘শিক্ষক সমাজ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধারাবাহিক কর্মসূচির পর মঙ্গলবার থেকে দুদিনের ধর্মঘট শুরু করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। ‘শিক্ষক সমাজের’ এই কর্মসূচির সঙ্গে উপাচার্য শরীফ এনামুল কবিরের সমর্থক শিক্ষকরা অবশ্য একাত্ম নয়। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। ‘শিক্ষক সমাজ’র অভিযোগ, উপাচার্য দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী উপাচার্য পদে নির্বাচনও চাচ্ছেন তারা। ধর্মঘটের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ভোর সাড়ে ৫টায় শিক্ষক সমাজ’র আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইনের নেতৃত্বে শিক্ষকরা জড়ো হয়ে ঢাকাগামী সব বাস আটকে দেন। পরে ৭টায় আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয় নিবন্ধক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা এলেও শিক্ষকের বাধার কারণে কার্যালয়ে ঢুকতে পারেননি। আবু বকর সিদ্দিক শিক্ষকদের দাবির বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। সাড়ে ৯টার দিকে অফিসার্স সমিতির সভাপতি আব্দুল হান্নান প্রশাসনিক ভবনে জোর করে ঢুকতে চাইলে শিক্ষকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনিও ঢুকতে না পেরে ফিরে যান। গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে ৩২ জনকে দলীয় বিবেচনায় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে বিভিন্ন দল ও মতের শিক্ষকরা ‘শিক্ষক সমাজ’র ব্যানারে আন্দোলন শুরু করে। তবে শরীফ এনামুল কবির বরাবরই দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। গত ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে ১০ দিনের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানায় শিক্ষক সমাজ। তখন টানা কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার ১০ দিনের কর্মসূচি শেষ হচ্ছে। শিক্ষক সমাজের ডাকা ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ও লোকপ্রশাসন বিভাগের দুটি পরীক্ষা ছাড়া অন্য কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। লোকপ্রশাসন বিভাগের সভাপতি মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, তার বিভাগে সকালে একটি পরীক্ষা হয়েছে। কোনো ক্লাস হয়নি। এদিকে সকালে আ ফ ম কামালউদ্দিন, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের ভেতরে আটকে রাখা হয়েছে। পরে এসব শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যপন্থী বলে পরিচিত ছাত্রলীগ নেতারা ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’ ব্যানারে একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে পরিবহন চত্বর হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবহারের এই চেষ্টার সমালোচনা করে শিক্ষক নেতা নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভীতিকর পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না। কঠোর কর্মসূচির মাধ্যমে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করা হবে।” এদিকে শিক্ষক সমাজের আন্দোলনের সমালোচনা করে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক অসিত বরণ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তি স্বার্থে আন্দোলন করে কোনো কিছু আদায় করা যাবে না।” উপাচার্যবিরোধী আন্দোলনের সমর্থক এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষকদের আস্থার পরিবেশ নষ্ট করেছেন, দলবাজির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে নিজেই বিপদ ডেকে এনেছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৩০ ঘ.