ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, সমুদ্রে এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটার এলাকায় বাংলাদেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে এবং দেশব্যাপী সমুদ্র জয় উদযাপনে এই গঠন করা হয়েছে।
ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বরেণ্য ব্যক্তিদের মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ওই কমিটিতে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
১ এপ্রিল পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২০২৪ ঘ.
bdnews24