২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রাষ্ট্রপতির

স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে, জিল্লুর রহমান মুক্তিযোদ্ধাসহ উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। স্বাধীনতার ৪১তম বার্ষিকীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে কেক কাটেন। সোমবার বিকালে এই সংবর্ধনা অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, সাংসদ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকরা এবং সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিরোধী দলের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও সাবেক সেনা প্রধান ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের প্রথম প্রহরে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অভিযান নামে গণহত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী। বাঙালিরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে প্রতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৩ ঘ.