ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বেসরকারি স্কুলের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ নিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগেে উঠছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দাওয়াহ বিভাগের শিক্ষক ড. এম আবু জাফর খানের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম আলাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাফর খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে আহ্বায়ক করে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।”
কমিটির অপর দুই সদস্য হলেন- আইন বিভাগের শিক্ষক ড. জহুরুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. এমতাজ হোসেন।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ঢাকার উত্তরায় ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থেকে সহযোগীদের নিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্রায় আটচল্লিশ লাখ টাকা আত্মসাৎ করেছেন আবু জাফর খান। উত্তরার ১২ ও ১৪ নম্বর সেক্টরে ওই স্কুলের দুটি ক্যাম্পাস রয়েছে।
উপাচার্য বলেন, “কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো প্রতিষ্ঠানে লাভজনক পদে যুক্ত থাকলে তাকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং ওই আয়ের ৩০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দিতে হবে। জাফর খান কোনো অনুমতিও নেননি, কোনো টাকাও জমা দেননি।”
অবশ্য আবু জাফর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে দাবি করেন, এ অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি থেকে জানা যায়, ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের একজন সদস্য অর্থ আত্মসাতের এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে লিখিত অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিস্পত্তির জন্য ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) মো. নাসিরুল আরিফকে (উত্তরা জোন) নির্দেশ দেন।
নাসিরুল আরিফের উদ্যোগে স্কুলের ১৩ পরিচালককে নিয়ে গত বছরের ১৬ অগাস্ট একটি সভা হয়। তাতে সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠানের দুটি ক্যাম্পাস পরিচালনা করবে পরিচালনা পর্ষদের বিবাদমান দুটি পক্ষ।
কিন্তু জাফর খান ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গেলে বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।
ওয়াইড স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্যদের সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, “আমাদের কাছে জাফর খানের বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ আছে।”
তিনি অভিযোগ করেন, পর্ষদ চেয়ারম্যান জাফর খান সদস্যসচিব ও কোষাধক্ষ্যকে নিয়ে জোট বেঁধে প্রতিষ্ঠানের হিসাব নিয়ন্ত্রণ করছেন, আয়-ব্যয়ের কোনো হিসাব দিচ্ছেন না। অনুমতি না নিয়েই তিনি স্কুলের টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। ২০১১ সালে মেয়াদ পেরিয়ে গেলেও স্কুল পরিচালনা কমিটি করা হচ্ছে না।
এই বিশ্ববিদ্যালয় শিক্ষক স্কুলের বরাদ্ধ করার ফ্ল্যাটে থেকেও ভর্তুকি বাদে প্রযোজ্য আট হাজার টাকা নিয়মিত পরিশোধ করছেন না বলে অভিযোগ করেন মো. তৌহিদ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের অনেক শিক্ষার্থীও নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাফর খান ক্লাস ও বিভাগে অনিয়মিত। বেশিরভাগ সময় তিনি ঢাকাতেই অবস্থান করেন। মাসে এক বা দুদিনের জন্য এসে বেতন তুলে চলে যান।
উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বলেন, “জাফর খানের অনুপস্থিতির বিষয়টি একাধিবার একাডেমিক কাউন্সিলের সভায় উঠেছে। প্রতিবারই ক্লাস-পরীক্ষা নেওয়ার জন্য তাকে চিঠি দিতে হয়েছে।”
“তবে তিনি তাতে কোনো সাড়া দেননি”, যোগ করেন উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬২৬ ঘ.
bdnews24