রাজশাহী, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আগুন লেগে বাসার আসবাবপত্রও পুড়ে যায়।
সোমবার দুপুরে নগরীর হেলেনাবাদ কলোনির বি-ব্লকের একটি দোতলা বাসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড ও পুলিশ।
নিহত দুজন হলেন- সিমি খাতুন (২৬) এবং তার মেয়ে সুমাইয়া (৩)। সিমির স্বামী গিয়াস উদ্দিন রাজশাহী পুলিশ লাইনের রিজার্ভ অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেন।
রাজশাহী ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা খুরশিদ আনোয়ার জানান, ১২টার দিকে গিয়াসউদ্দিনের বাসায় ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী। তারা বাসার মূল দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে ডায়নিং টেবিল-চেয়ার জ্বলতে দেখেন। এ সময় সেখানে শিউলি ও সুমাইয়ার ঝলসানো দেহ পড়ে ছিল।
তিনি বলেন, “রাইস কুকারে রান্নার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সিমির স্বামী গিয়াসউদ্দিন জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্ত্রী ও সন্তানের লাশ দেখতে পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৪০ ঘ.
bdnews24