ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যকে তৃণমূলেও অনূদিত করতে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ ও স্টেডিয়ার তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে তিনি বলেন, “সেদিন বেশি দূরে নয়, যেদিন এই ক্রিকেটেই বাংলাদেশের ছেলেমেয়েরা বিশ্বকাপ জয় করবে।”
“শুধু ক্রিকেট নয়, ফুটবল ও অন্যান্য খেলাতেও তোমরা যেন পারদর্শী হয়ে ওঠো- সেজন্য প্রত্যেক উপজেলায় খেলার মাঠ ও স্টেডিয়াম তৈরি করে দেব। প্রতিটি স্কুলে যেন শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা থাকে- সে ব্যবস্থা করা হবে।”
সকাল ৯টায় শাপলা ফুলের আকৃতির একটি বেলুন ও পায়রা উড়িয়ে এই শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোট ৪১ জোড়া পায়রা উড়িয়ে উদযাপন করা হয় স্বাধীনতার ৪১তম বাষির্কী।
পরে শিশু-কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক মো. মুহিবুল হক তার সঙ্গে ছিলেন।
কুচকাওয়াজ পরিদর্শনের পর স্টেডিয়ামের বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অংশবিশেষ প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় শিশুদের উদ্দেশে বলেন, “একদিকে তোমরা লেখাপড়া শিখবে, অন্যদিকে খেলাধুলা ও শরীরচর্চায় পারদর্শী হবে। শুধু বাংলাদেশের প্রতিযোগিতায় নয়, বিশ্ব প্রতিযোগিতাতেও তোমরা অবদান রাখতে পারবে, নানা ধরনের পুরস্কার নিয়ে আসতে পারবে; আমি সেটাই কামনা করি।”
নতুন প্রজন্মের শিশুদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ছোট্ট সোনামনিরা সঠিক ইতিহাস জেনে, বাঙালি যে বীরের জাতি- সে বীরের জাতির উত্তরাধিকার হিসাবে নিজেদের গড়ে তুলবে।”
“আজকে আমি যেমন জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছি, একদিন তোমাদের মাঝ থেকেও কেউ না কেউ এইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে,” বলেন শেখ হাসিনা।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় মিত্র বাহিনীসহ সহায়তাকারী সবার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার জন্য জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেন। ভবিষ্যতে শিশুরা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে- সে দিকে লক্ষ্য রেখেই তিনি কর্মসূচি নেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমরা এ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই।”
মুক্তিযুদ্ধের ইতিহাস এক সময় মুছে ফেলার চেষ্টা হয়েছিল- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “সে ইতিহাস আবার আমরা পুনর্বাসিত করেছি। ইতিহাস আবার পুনপ্রতিষ্ঠা পেয়েছে। ছোটরা যেন সঠিক ইতিহাস জানতে পারে।”
তিনি শিশুদের সু-চরিত্রের অধিকারী হয়ে বেড়ে ওঠার এবং দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১১১৫ ঘ.
bdnews24