২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতার ৪১তম বার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 04:06 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪১তম বার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪১ বছর আগের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা। বরাবরের মতোই রাষ্ট্রীয়ভাবে দিনটিকে পালন করা হচ্ছে জাতীয় দিবস হিসাবে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এরপর ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ এবং সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি বন্ধুরাও শ্রদ্ধা জানান। সূর্য ওঠার আগেই জাতীয় সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে এই ভিড়। গালে বা কপালে লাল-সবুজ পাতাকা, হাতে ফুল আর কণ্ঠে জাতীয় সঙ্গীত নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তারা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদনের পর সবার শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতির মিনার। ‘জাতি কালিমামুক্ত হবে’ সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারো শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্যই সময় লাগছে। “এই বিচারের দিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেকের নজর আছে। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন যে- বিচার তাড়াতাড়ি শেষ হচ্ছে না। কিন্তু সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে কিছুটা সময় লাগবে।” “এ বিচার হবেই। এই বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১০০০ ঘ.