২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী শিবিরের সেই ‘নিভৃত’ সৈনিক

অস্ত্র হাতে শত্রুশিবিরে হানা দেননি তিনি। শব্দ সৈনিক বা কণ্ঠ সৈনিকও ছিলেন না। তবে মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে বিরামহীন কাজ করেছেন ভারতের আগরতলার বিভিন্ন শরণার্থী শিবিরে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 04:42 PM

Updated : 25 Apr 2022, 09:10 PM

স্বাধীনতার পরও থেমে থাকেননি। রেডক্রসের হয়ে কাজ করেছেন আটকে পড়া পাকিস্তানিদের জন্য শরণার্থী শিবির স্থাপন ও ত্রাণ বিতরণের পাশাপাশি দেশের দুর্যোগপূর্ণ অঞ্চলে। এই ‘তিনি’ নিভৃতচারী মুক্তিযোদ্ধা ফখরুল হোসেন।

জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি থাকা প্রচারবিমুখ এই মুক্তিযোদ্ধা জানালেন যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশ রেডক্রসের কর্মযজ্ঞ।

যেভাবে শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফখরুল হোসেন স্কুলজীবন থেকেই সম্পৃক্ত ছিলেন নানা সামাজিক উন্নয়নমূলক কাজে। মুকুল ফৌজ থেকে তার শুরু। এরপর যোগ দিলেন পূর্ব পাকিস্তান রেডক্রসে। ১৯৬৫ সাল থেকেই রেডক্রসের সদস্য তিনি।

১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় লাখ লাখ মানুষ মারা গেলে আন্তর্জাতিক রেডক্রসকে তারাই খবরটি জানান।

“এই ঘূর্ণিঝড়ের পর পাকিস্তানের সামরিক জান্তা জানায় মাত্র দুই হাজার মানুষ মারা গেছে। এই মিথ্যাচারের জবাবে আমরাই প্রথম আন্তর্জাতিক রেডক্রস হতাহতের সঠিক সংখ্যা জানাই”, বলেন ফখরুল হোসেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধা সনদও পেয়েছিলেন ফখরুল। তবে কখনো ভাতা নেননি তিনি।

ফখরুল বলেন, “সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর পাকিস্তানিদের নির্যাতন নিপীড়নের খবর আন্তর্জাতিক রেডক্রসকে আমরাই জানিয়েছিলাম।”

কলাবাগান থেকে কলকাতা

মুক্তিযুদ্ধের শুরু থেকে স্বাধীনতা পর্যন্ত নানা গল্প যেন এখনো সজীব ফখরুলের স্মৃতিভাণ্ডারে। যেন চোখে ভাসছে সেইসব দিনের প্রতিটি মুহূর্ত।

“মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আমরা সপরিবারে খালেদ মোশাররফের ৬০ নম্বর লেক সার্কাসের বাসায় উঠি। তিনি সম্পর্কে আমার আত্মীয়। ৩০শে মার্চ, রাত ৪টায় পুরো বাড়ি ঘেরাও করে পাকিস্তান আর্মীর প্রায় ৫০০ সদস্য। ভাগ্যক্রমে আমাদের কিছু হয়নি। সেদিনই আমরা গ্রামের বাড়ি পালিয়ে যাই। সেখান থেকে চলে যাই ত্রিপুরায়। তবে স্ত্রী ফেরদৌস আরা বেগম থেকে যান ঢাকায়। ২ নম্বর সেক্টরের গেরিলা অপারেশনে অংশ নেন ফেরদৌস আরা।”

ত্রিপুরায় গিয়ে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির অধীনে বাংলাদেশ রেডক্রস সোসাইটির হয়ে কাজ শুরু করেন ফখরুল। শুরুর কথা বলতে গিয়ে যেন সেই সময়েই ফিরে গিয়েছেন জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী সত্তরোর্ধ্ব ফখরুল, ১৯৭৩ সালে যাকে বন্দুকের মুখে রেডক্রস থেকে বের করে দেওয়া হয়েছিলো।

তিনি বলেন, “কলকাতার ৯ নম্বর সার্কেল এভিনিউতে আমাদের অফিস স্থাপন করা হয়। এখানে ইন্ডিয়ান রেডক্রসের অধীনে কাজ শুরু করলাম অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে। “আমাদের প্রাথমিক কাজ ছিলো শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করা। এ ছাড়া অন্তঃস্বত্ত্বা স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও বৃদ্ধদের মাঝে খাবার বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া।”

স্বাধীন দেশে ‘বাংলাদেশ রেডক্রস’

নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর এলো চূড়ান্ত মুক্তি। তবে যুদ্ধটা যেন থামেনি! বিধ্বস্ত একটি দেশের মানুষের পাশে যে দাঁড়াতে হবে। সেই প্রেরণা থেকে ১৯৭১ সালের ২০শে ডিসেম্বর ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে চড়ে অনেকের সঙ্গে দেশে ফেরেন ফখরুল হোসেন।

“ওইদিনই বিশেষ বৈঠক করে পূর্ব পাকিস্তান রেডক্রস এর নাম বদলে আমরা বাংলাদেশ রেডক্রস করি। আমি ছাড়াও মিটিং উপস্থিত ছিলেন জাস্টিস নূরুল ইসলাম, খন্দকার মাহবুব উদ্দিন ও চৌধুরী মো. সরওয়ার। অবশ্য ১৯৭২ সালের ৪ জানুয়ারি রেডক্রসের নতুন কমিটি করা হলেও রহস্যজনক কারণে আমাকে কমিটিতে রাখা হয়নি”, মনে গেঁথে থাকা কষ্ট থেকেই বললেন তিনি।

অবশ্য তাতে দমে যাননি নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা ফখরুল।

তিনি বলেন, “কমিটিতে রাখা না রাখা বিষয় না। তখন ৩/১, সেগুন বাগিচায় রেডক্রসের অফিস খোলা হলো। এই অফিস থেকেই সারাদেশে স্বেচ্ছাসেবী নিয়োগ শুরু হলো। সারা দেশে সাড়ে চার হাজার ফিডিং সেন্টার খুলে ত্রাণ সহায়তা দিতে শুরু করলাম আমরা।”

“আমাদের হাতে তখন টাকা পয়সা বা খাদ্য ছিলো না। স্বেচ্ছাসেবীদের বেতন নির্ধারণ করা হলো ৭৫ টাকা। সীমিত সামর্থ দিয়েই শুরু হলো আমাদের কাজ। ৭৩ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক রেডক্রস থেকে ২০ হাজার টন মিল্ক পাউডার দেওয়া হলো। এর মধ্যে ১৫ হাজার টন সরকারে মাধ্যমে বিতরণ করার জন্য আলাদা করা হলো। বাকি ৫ হাজার টন বিতরণ করলো রেডক্রস। বিভিন্ন উৎস থেকে আসা ত্রাণের ৫০ শতাংশ বিতরণ করা হলো সাবডিভিশনে, ২০ শতাংশ জেলাগুলোতে এবং ৩০ শতাংশ ভাগ রাখা হলো সদর দপ্তরে।”

“একই সময় সারাদেশে আটকে পড়া প্রায় ছয়লাখ বিহারীদের/পাকিস্তানিদের ক্যাম্প খুলে তাদের ত্রাণ সহায়তা দিতে লাগলো বাংলাদেশ রেডক্রস”, যোগ করেন তিনি।

এর অগ্রভাগে কাজ করেন ফখরুল হোসেন। তবে হঠাৎ তাকে সরে আসতে হয়েছিলো।

তথ্যটা জানিয়েই কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গেছে। ছলছল চোখে অন্য দিকে তাকিয়ে হয়তো অশ্রু লুকানোর চেষ্টা করছিলেন! কাঁপাকাঁপা কণ্ঠে হঠাৎ বলতে শুরু করলেন।

“১৯৭৩ সালে আমাকে বন্দুকের মুখে রেডক্রস থেকে বের করে দেওয়া হয়। আমার পাওনা পয়সাও পাই নাই। পরে অনেক জায়গায় চাকরি করেছি। অনিয়মের সঙ্গে আপোস করি নাই, তাই কোথাও বেশিদিন টেকা হয়নি”, একটু ক্ষোভের সঙ্গেই যেন কথা গুলো বললেন ফখরুল হোসেন।

ব্যক্তিগত জীবনে দুই ছেলে দুই মেয়ের জনক ফখরুল হোসেনের স্ত্রী ফেরদৌস আরা বেগম বাংলাদেশ আনসারের প্রথম কমান্ডার ছিলেন। সহকারী পরিচালক হিসেবে তিনি অবসরে যান।