নারায়ণগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই।
রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বিকালে সদর উপজেলার ভূঁইগড়ে পৈতৃক বাড়িতে দ্বিতীয় জানাজাশেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন যাবত তিনি ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন আগে অবস্থার অবনতি ঘটলে তাকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি তৈমূর আলম খন্দকার বলেন, বাদ জুমা শহরের ডিআইটি জামে মসজিদের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান, জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, গিয়াসউদ্দিন, আবুল কালাম, অধ্যাপক রেজাউল করীম, মোহাম্মদ আলী, বিএনপি নেতা এটিএম কামালসহ আরো অনেকে জানাজায় অংশ নেন।
আওয়ামী লীগের শহর কমিটি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বাংলাদেশের পতাকায় তার মরদেহে ঢেকে গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
তৈমূর আলম বলেন, সিরাজুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় নারায়ণগঞ্জ এলাকায় কমান্ডার ছিলেন।
প্রথম জীবনে সিরাজুল ইসলাম ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে বিএনপি প্রতিষ্ঠা হলে তাতে যোগ দেন। ১৯৯১ সালে বিএনপির মনোনয়নে তিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০০০ ঘ.
bdnews24