গাজীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি জমি উদ্ধারের সময় বনকর্মীদের উপর হামলা চালিয়েছে একটি কারখানার শ্রমিকরা।
শুক্রবার সকালে মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকায় এ হামলা অন্তত ছয়জন আহত হয়েছে। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বনকর্মীরা হাজী ইসলাম উদ্দিন স্পিনিং কারখানার সাইদুল হক (৪৫), সোহেল রানা (২৫) ও এমরান হাসান (২০) নামের তিনজনকে আটক করেছে।
বনবিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা সফিউদ্দিন বলেন, হাজী ইসলাম উদ্দিন স্পিনিং কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কারখানার পাশে বনবিভাগের প্রায় এক একর জমি সীমানা প্রাচীর দিয়ে দখল করে রাখে।
সকালে সহকারী বন সংরক্ষক সাজ্জাদুজ্জামানের নেতৃত্বে চন্দ্রাসহ কয়েকটি রেঞ্জের কার্মকর্তা ও কর্মচারীরা ওই কারখানার সীমানা প্রচীর ভেঙে ফেলেন। এ সময় ওই কারখানার শ্রমিকরা অভিযানকারীদের উপর হামলা চালায়।
পরে বন কর্মকর্তারা ৩ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করলে জেলা কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24