গাজীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে ছিনতাই হওয়া সুতাভর্তি একটি কাভার্ড ভ্যানসহ চারজনকে গাজীপুরে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার পূবাইলের বসুগাঁও থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
এরা হলেন পূবাইলের তালটিয়া গ্রামের রানা আহমেদ (২৫), বসুগাঁও গ্রামের মামুন মিয়া (২৮), আলামিন (২৭) এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার উত্তর সাকেক্কারা গ্রামের বিল্লাল হোসেন (৩০)।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ৭১৯ বস্তা সুতাসহ কাভার্ড ভ্যানটি কুমিল্লা যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুর এলাকা থেকে দুর্বৃত্তরা সুতা ও কাভার্ডভ্যানটি ছিনতাই করে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৩ ঘ.
bdnews24